,

 

বাঁশখালীতে পানিবন্দী আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার!

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 9 July 2026, 03:49

টানা বর্ষণে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। এক হাতে রশি এবং অন্য হাতে শিশুকে রাখা পাতিলটি ধরে তিনি এগিয়ে যান। পাশে থাকা আরেক সদস্য ছাতা ধরে শিশুটিকে বৃষ্টির পানি থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দী থাকার খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে সেখানে আটকে পড়া পাঁচ শিশু ও আট নারীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পানিবন্দী থাকার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকাজের সময় আট মাস বয়সী শিশুটিকে নিরাপদে সরিয়ে নিতে বড় একটি পাতিল ব্যবহার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া সবাই নিরাপদে রয়েছেন।

ভিডিও