,

 

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, সাজেকে আটকা প্রায় ৬০০ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : 9 July 2026, 03:43

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চল এখনও পানিতে তলিয়ে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ১৩৫টি আশ্রয়কেন্দ্র চালু করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বন্যার কারণে খাগড়াছড়ি-সাজেক প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা-রাঙ্গামাটির লংগদু সড়কেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীঘিনালা উপজেলার মেরুং প্রধান বাজার পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যও কার্যত স্থবির হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার অন্তত আট শতাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয় ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে।

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে অন্তত ৬০০ পর্যটক আটকা পড়েছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত বলেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ভিডিও