,

 

কর্ণফুলীতে ট্রলারে আগুন

প্রকৌশলী তামিমও মারা গেলেন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 5 July 2026, 04:20

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। টানা পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ ৩ জনই মারা গেলেন।

নিহত আশিকুজ্জামান তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। রোববার বাদ আসর তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গুরুতর আহত নৌযানটির গ্রিজার মো. রুবেল (৩৩) ও শাহ আলম (৩৮) মারা যান।

জাহাজটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গত মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ’ নামের মাছ ধরার নৌযানে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ‘এফভি দেশ’-এর ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক মো. রুবেল ও শাহ আলম এবং পাশে নোঙর করা ‘এফভি ডিজনি’ নৌযানের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন।

দগ্ধ ছয়জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে প্রায় শতভাগ দগ্ধ তামিম, রুবেল ও শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পূর্বতারা/ইউডি

ভিডিও