উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সুস্পষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রামে রোববার সকাল থেকে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অন্য এলাকার তুলনায় বৃষ্টিপাত বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মেঘের পরিমাণ বৃদ্ধি ও বৃষ্টিপাতের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবারের মধ্যে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বতারা/ইউডি