কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত নজির আহমদের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘পাগলা মাছন’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ হোসেন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা কিনে বাড়ি ফিরছিলেন। বানৌজা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত টমটমটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বতারা/ইউডি