চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যান্ড সোসাইটির উদ্যোগে আয়োজিত কনসার্টে ধূমপান করাকে কেন্দ্র করে আয়োজক ও এক শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সন্ধ্যার দিকে কনসার্টস্থলে এই ঘটনা ঘটে ।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আব্দুল মুমিন তানভীর। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “কনসার্ট চলাকালীন ভেতরে উপস্থিত অনেকেই ধূমপান করছিলেন। আমিও সে সময় ধূমপান করছিলাম। এ অবস্থায় দুইজন স্বেচ্ছাসেবক এসে আমাকে অন্য জায়গায় গিয়ে ধূমপান করতে বলেন। তখন আমি বলি যে আমি একাই না, ভেতরে আরও অনেকেই ধূমপান করছে। এর পরপরই ওই দুজন আমাকে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারধর করেন। শুধু ওই দুজনই নন, আয়োজকদের অনেকেই এই মারধরের সঙ্গে জড়িত। মারধরের ফলে আমার হাতে আঘাতের দাগ পড়ে গেছে।”
ঘটনার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সহসভাপতি মাহিয়ান সামি ঈপ্সিত বলেন, “আমাদের এক স্বেচ্ছাসেবক ওই শিক্ষার্থীকে হলের অন্য জায়গায় গিয়ে সিগারেট খাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে তিনি আপত্তিকর ভাষায় কথা বলেন। হাতাহাতির বিষয়ে কে প্রথমে হাত তুলেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে উপস্থিতদের কথা অনুযায়ী, ওই শিক্ষার্থীই প্রথমে হাত তোলেন। এরপর পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “কনসার্টে প্রায় এক হাজার দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ৮০ জন স্বেচ্ছাসেবক কাজ করেছে। প্রত্যেকের ব্যক্তিগত আচরণের দায় তাৎক্ষণিকভাবে সংগঠন নিতে পারে না। তবে কেউ সংগঠনের নীতিমালা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো আয়োজনে ধূমপান, মাদক বা বিশৃঙ্খলার ঘটনা ঘটুক, সেটি আমরা চাই না।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “সমাজবিজ্ঞান অনুষদের কনসার্টে এক শিক্ষার্থীর সঙ্গে আয়োজকদের একটি বিষয় নিয়ে সামান্য বাকবিতণ্ডা হয়েছে। পরে তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করে ফেলেন। এটি তেমন বড় কোনো ঘটনা নয়, মুহূর্তের উত্তেজনায় সামান্য ধাক্কাধাক্কির মতো ঘটনা ঘটেছে। কোনো অভিযোগ থাকলে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পূর্বতারা/ইউডি