জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামেও শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকাল থেকে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এবার মোট ১৪ লাখ ৪ হাজার ১৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অভিভাবকদেরকেও সন্তানদেরকে টিকা খাওয়ানোর ব্যাপারে সজাগ সতর্ক থাকতে হবে। কোনো শিশু যাতে টিকা থেকে বাদ না পড়ে সে লক্ষ্যে আমাদের ক্যাম্পেইন। সবার সহযোগিতায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯৬ হাজার ৭৯ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৪৬ হাজার ৯০ জন শিশুসহ মোট ৮ লাখ ৪২ হাজার ১৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম জেলায় ১৭টি স্থায়ী এবং ৪ হাজার ৮০০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিশুদের জন্য ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ১ লাখ ২ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ৭ লাখ ৫৫ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রাখা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭০ হাজার শিশুসহ মোট ৫ লাখ ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ৪১টি স্থায়ী এবং ১ হাজার ২৮০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ১ লাখ ৫ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ৪ লাখ ৯১ হাজার ভিটামিন ‘এ’ ক্যাপসুল সরবরাহ করা হয়েছে।
পূর্বতারা/ইউডি