চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
তিনি বলেন, শুক্রবার মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ইশতিয়াক দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজার জেলার চকরিয়া থানার দাতিনাথালীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১২ এপ্রিল বিকেল বৌ-বাজার যাওয়ার রাস্তার মুখে একটি টং দোকানের সামনে সাজিদ তার বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় আইমন, অনিক, রানা প্রকাশ মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে সাজিদ তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে চকবাজার থানার ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ তলায় গিয়ে প্রবেশ করেন। পরে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়।