কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে । রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় উখিয়ার রেজুখালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিচ কর্মী, ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড।
এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে মোহাম্মদ সায়েম (২২)।
ইনানীস্থ টুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, সায়েম ও আরমান দুই বন্ধু সকালে বান্দরবান থেকে কক্সবাজার পৌঁছান। দুপুরে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ইনানী সৈকতে পৌঁছে জেটিঘাট এলাকায় গোসলে নামেন। এ সময় সায়েম নিখোঁজ হলেও অপর বন্ধু আরমান প্রাণে রক্ষা পান।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, সারারাত সায়েমের বাবা মোহাম্মদ ইকবালকে নিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। পরে সকালে একসঙ্গে কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশি কার্যক্রম আবারও শুরু করি। পরে রেজুখালে একটি মরদেহ ভাসছে খবর পেয়ে সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে মরদেহটি দেখে এটি সায়েমের বলে শনাক্ত করে তার বাবা মোহাম্মদ ইকবাল। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বতারা/ইউডি