এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করলেও তার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান দেশেই রয়েছেন।
বুধবার (২৪ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালতে হাজির হয়ে তিনি এই পাসপোর্ট জমা দিয়েছেন।
ব্যাংকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মোহাম্মদ হারুন বলেন, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে বর্তমানে ২৮টি মামলা বিচারাধীন রয়েছে। ওজি ট্রাভেলস লিমিটেডের নামে ৮০ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় গত ২১ মে আদালত এস আলম গ্রুপের ১১ কর্ণধারের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা জারি করেন আদালত।
তিনি আরও বলেন, বাকি মামলাগুলোতে বিবাদিদের বিরুদ্ধে পাসপোর্ট জমা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আব্দুল্লাহ হাসান ছাড়া এস আলম পরিবারের অন্য সদস্যরা এখন পর্যন্ত আদালতে হাজির হননি। এতে তারা দেশত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আদালত সূত্রে জানা গেছে, ইনফিনিয়া সিনথেটিক ফাইবার লিমিটেডের নামে নেওয়া ৫৬৩ কোটি ৮৯ লাখ টাকার ঋণ খেলাপি হওয়ায় ২০২৫ সালে প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা করে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা।
একই বছরে ইউনিটেক্স স্টিল লিমিটেডের ৮১৪ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ মামলা দায়ের করে ব্যাংকের পাহাড়তলী শাখা।
দুটি মামলাতেই ৯ নম্বর বিবাদী হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হাসান। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের সর্বকনিষ্ঠ সহোদর। গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পূর্বতারা/ইউডি