Friday, 26 June 2026

চট্টগ্রাম-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক, লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : 25 June 2026, 11:31

ময়মনসিংহে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাতভর উদ্ধার অভিযান চালিয়ে দুটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি একটি বগি উদ্ধারের কাজ চলছে।

তবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।

পরে দুর্ঘটনাকবলিত বগিগুলো রেখেই রাত ১২টা ২৫ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। একই সময়ে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ ঘটনা ঘটেছে। রিলিফ ট্রেন সেখানে কাজ করছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, এখন পর্যন্ত দুটি বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল অবশিষ্ট বগিটি দ্রুত সরিয়ে লাইন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজ শেষ করতে আরও কিছুটা সময় লাগবে।

পূর্বতারা/ইউডি

ভিডিও