শনিবার, ২০ জুন ২০২৬

বন্দরে এলো ৪ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১১:১১

দেশের প্রথম বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জন্য আনা চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) নিয়ে বিশেষায়িত ডেক জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’ চট্টগ্রামে পৌঁছেছে।

পিসিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে ক্রেনগুলো সংগ্রহ করেছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের পিসিটি জেটিতে ভিড়ে জাহাজটি।

চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, কিউজিসি বহনকারী জাহাজটি নিরাপদে পিসিটি জেটিতে ভেড়ানো হয়েছে। জাহাজটি জেটিতে ভেড়াতে বন্দরের দুইজন অভিজ্ঞ পাইলট ও তিনটি শক্তিশালী টাগবোট নিয়োজিত ছিল।

এর আগে ক্রেনগুলো আনলোডের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী নদীর পিসিটি সংলগ্ন এলাকায় সব ধরনের বাণিজ্যিক জাহাজ, কোস্টার, ট্যাংকার ও মাছ ধরার ট্রলারের চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্টরা জানান, গ্যান্ট্রি ক্রেন কনটেইনার পরিবহনে ব্যবহৃত জাহাজ থেকে দ্রুত ও নিরাপদে পণ্য ওঠানামার সবচেয়ে আধুনিক প্রযুক্তি। বিশেষ করে নিজস্ব ক্রেনবিহীন জাহাজ থেকে কনটেইনার খালাসের ক্ষেত্রে এসব ক্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভিডিও