শুক্রবার, ১৯ জুন ২০২৬

হাটহাজারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৩৫

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো. সামির (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী-রাউজান সড়কের ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার বাসিন্দা। সে প্রবাসী মো. জসিমের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে সামির রাস্তা পার হচ্ছিল। এ সময় রাউজানগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তারা অভিযোগ করেন, হাটহাজারী-রাউজান সড়কে ভারী যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে। ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ভিডিও