বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিছানায় পড়ে ছিল চিরকুট, পটিয়ায় অপহৃত শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:৫২

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় দুইদিন আগে অপহৃত শিশু জায়হানের (৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে একটি ময়লার ভাগাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন— সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বসতঘরের পেছনে থাকা ময়লার ভাগাড় থেকেই বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জায়হান। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে প্রথমে ধারণা করেছিলেন, সে হয়তো পাশের পুকুরে পড়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়েও কোনো সন্ধান মেলেনি। পরে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

ঘটনার পর পরিবারের শয়নকক্ষের বিছানায় একটি হাতে লেখা মুক্তিপণের চিঠি পাওয়া যায়। চিঠিতে শিশুটিকে ফেরত পেতে ৩ লাখ টাকা দাবি করা হয় এবং পরিবারের একজনের আনলক করা মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে রেখে যেতে বলা হয়। চিঠিটি আলামত হিসেবে জব্দ করে তদন্ত শুরু করে পুলিশ।

স্বজনদের দাবি, অর্থের লোভে প্রতিবেশীদের কেউ পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে। পরে বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, হত্যার পর মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়। ঘটনার পর অভিযুক্তদের কয়েকজন পরিবারের সঙ্গে শিশুটিকে খোঁজার নাটকও করেছিল বলে অভিযোগ উঠেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ভোরে বাড়ির পাশের একটি ডোবা সংলগ্ন স্থান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পূর্বতারা/ইউডি/ আই এইচ এম

ভিডিও