রবিবার, ১৪ জুন ২০২৬

পরিকল্পনা ও জবাবদিহিতার ভিত্তিতে চট্টগ্রামের উন্নয়ন হবে : সিডিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:১৯

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, সুশাসন, পরিকল্পনা ও জবাবদিহিতার ভিত্তিতে চট্টগ্রামের উন্নয়ন পরিচালিত হবে। নগরবাসীকে একটি উন্নত, নিরাপদ ও টেকসই শহর উপহার দেওয়াই তার প্রধান অঙ্গীকার।

রোববার (১৪ জুন) ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, আমার দায়িত্ব পালনের মূল ভিত্তি হবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি চট্টগ্রাম এখনও জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার মতো নানা সমস্যায় জর্জরিত।

নগর পরিকল্পনা প্রসঙ্গে বেলায়েত হোসেন বলেন, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হবে। অপরিকল্পিত উন্নয়ন দীর্ঘমেয়াদে জনস্বার্থের পরিপন্থি।

বেলায়েত হোসেন আরও বলেন, এমন একটি আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা প্রয়োজন, যেখানে নাগরিক সেবা সহজলভ্য হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে পাহাড়, জলাধার ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সিডিএ’র মর্যাদা ও নগরের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পূর্বতারা/ইউডি

ভিডিও