যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের খায়েশ হতেই পারে চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের। তবে সে খায়েশ গাঁটের পয়সায় নয়, পূরণ করতে চান জনগণের ট্যাক্সে চলা প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পয়সায়। আর এ সফর পরিকল্পনায় তিনি নিজের সাথে প্রতিষ্ঠানটির আরও পাঁচ কর্মকর্তাকে জুটিয়েছেন। মশক নিধন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের নাম দিয়ে পুরো দলটি যেতে চাইছিলেন ফ্লোরিডা।
তবে ফ্লোরিডা যাওয়ার খায়েশ বুঝি পূরণ হলো না আর । অনুমোদনের জন্য প্রস্তাবনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে উঠলে তা প্রত্যাখ্যাত হয়। প্রধানমন্ত্রী চসিক মেয়রকে ফ্লোরিডা না গিয়ে ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি করপোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরে যেতে চেয়েছিলেন। এজন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে বিধি বাম। প্রস্তাবটি অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, ‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
পূর্বতারা/ইউডি