বুধবার, ১৭ জুন ২০২৬

ঈদের ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে জনস্রোত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৮:১০

পবিত্র ঈদুল আজহার ছুটিতে চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে দেখা গেছে ব্যাপক জনস্রোত। পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক, পারকি বিচ, গুলিয়াখালী সী বিচ ও ভাটিয়ারি সানসেট পয়েন্টে শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

পরিবার-পরিজন, বন্ধু ও তরুণ-তরুণীরা ছুটে আসেন বিনোদনের খোঁজে। কোথাও সমুদ্রের ঢেউ উপভোগ, কোথাও নৌকাভ্রমণ, আবার কোথাও সূর্যাস্ত দেখতে ভিড় করেন মানুষজন। শিশুদের উচ্ছ্বাস, ছবি তোলা ও হাঁটাহাঁটিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নগরের বাইরে থেকেও অনেকেই ঈদের ছুটিতে এসব পর্যটনকেন্দ্রে ঘুরতে আসেন। সরেজমিনে দেখা যায়, পতেঙ্গা সমুদ্রসৈকতে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ঘোড়ার গাড়িতে চড়ছে, কেউ আবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। একইভাবে ফয়’স লেকে নৌকাভ্রমণ ও বিভিন্ন রাইডে ছিল দর্শনার্থীদের ভিড়।

পতেঙ্গা সমুদ্রসৈকতে আসা পর্যটক মো. জামাল উদ্দিন বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। অনেকদিন পর সবাই একসঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।

ফয়’স লেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, ছুটি উপভোগ করতে এখানে এসেছি। প্রচুর মানুষ হলেও পরিবেশটা খুবই আনন্দময় লাগছে।

ভাটিয়ারি সানসেট পয়েন্টে সূর্যাস্ত দেখতে আসা তরুণ রাকিব হোসেন বলেন, এখানে সূর্যাস্তের দৃশ্যটা সত্যিই অসাধারণ। ঈদের ছুটিতে এমন জায়গায় সময় কাটানো দারুণ অভিজ্ঞতা।

ট্যুরিস্ট পুলিশের পতেঙ্গা জোনের সাব-জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হাসান ইমাম বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

ভিডিও