বুধবার, ১৭ জুন ২০২৬

সাগরেই ঈদ করলেন ‘এমভি বাংলার জয়যাত্রা’র ৩১ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:৫২

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালিতে গত প্রায় তিন মাস ধরে আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বিএসসি’ মালিকানাধীন এই জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের সবাই চরম উৎকণ্ঠার মাঝে বুধবার (২৭ মে) সাগরে ভাসমান জাহাজেই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও ঈদ উদযাপন করেছেন।

পরিবার-পরিজন ছেড়ে গত ঈদুল ফিতরও জাহাজেই কেটেছিল এই ৩১ নাবিকের। এর মধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাহাজটি। বিএসসি কর্তৃপক্ষ দাবি করছে নাবিকেরা সবাই সুস্থ আছেন এবং জাহাজে পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে। তবে সার্বক্ষণিক মিসাইল ও ড্রোন হামলার শঙ্কা এবং তীরে নামার সুযোগ না থাকায় নাবিকেরা চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন।

জাহাজে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক নাবিক জানান, সাগরে মাসের পর মাস ভেসে থাকার অভিজ্ঞতা তাদের থাকলেও এমন যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি তারা কখনো হননি। পরিবার থেকে দূরে পরপর দুটি ঈদ কাটানো অত্যন্ত কষ্টকর এবং দেশে থাকা পরিবারের সদস্যরাও তাদের নিরাপত্তা নিয়ে সারাক্ষণ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক জানান, জাহাজে নাবিকদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে এবং তারা স্বাভাবিক জীবন যাপন করছেন। ঝুঁকিপূর্ণ এই অঞ্চল থেকে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার ফলে ওই অঞ্চলেই আটকা পড়ে জাহাজটি।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনা করে জাহাজটি বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। তবে হরমুজ প্রণালির মুখ পর্যন্ত গিয়েও বারবার ফেরত আসতে হচ্ছে জাহাজটিকে। সর্বশেষ গত ১৭ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে ইরান সরকার তাদের পার হওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

অনুমতি না পাওয়ায় জাহাজটি ঘুরিয়ে নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা হয়েছে। ৩৭ হাজার টন সার নিয়ে জাহাজটির দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অথবা মোজাম্বিকে যাওয়ার কথা থাকলেও চলমান যুদ্ধাবস্থার কারণে তা এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।

ভিডিও