শনিবার, ১৩ জুন ২০২৬

ঈদের ছুটিতে চুরি-ডাকাতি ঠেকাতে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:৪৩

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম মহানগর ও জেলায় সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশ। ঈদের সময় নগর ফাঁকা হয়ে যাওয়ায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ ঠেকাতে নেওয়া হয়েছে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে নগরের বিভিন্ন আবাসিক এলাকা, প্রধান সড়ক, বিপণি বিতান, পশুর হাট ও জনসমাগমস্থলে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় ফাঁকা বাসা-বাড়িকে লক্ষ্য করে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে। এ কারণে রাতে আবাসিক এলাকায় মোটরসাইকেল ও পেট্রোল টিমের টহল আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কোরবানিকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকা শনাক্তকরণ, অজ্ঞানপার্টি, পকেটমার ও মলম পার্টির মতো অপরাধ প্রতিরোধে একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে পুলিশি সহায়তা নিতে বলা হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পশুর হাট, চামড়া বাণিজ্য, পরিবহন ও ঘরমুখো যাত্রীর নিরাপত্তায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফাঁকা বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীকে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। ৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্বানও জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রাম জেলা পুলিশ গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উপজেলার বাজার, পশুর হাট ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং সদস্যদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে মহাসড়কে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যারা বাসা ফাঁকা রেখে যাচ্ছেন, তাদের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখার এবং মূল্যবান জিনিস নিরাপদে রাখার অনুরোধ জানানো হয়েছে।

সব মিলিয়ে ঈদের ছুটিতে চট্টগ্রামজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাতে নগর ও গ্রামে মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।

ভিডিও