চট্টগ্রামে টানা বৃষ্টি হলেও বড় ধরনের জলাবদ্ধতা না হওয়ায় স্বস্তি পেয়েছেন নগরবাসী। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় সাময়িক পানি জমলেও দ্রুত নেমে যাওয়ায় দীর্ঘ ভোগান্তি হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম আমবাগান আঞ্চলিক কার্যালয়ের কর্তব্যরত আবহাওয়াবিদ বিজন রায় জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় নগরে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টির সময় নগরের কাতালগঞ্জ ১ নম্বর গলি, বাদুরতলা ও কাপাসগোলা এলাকার মতো কিছু নিচু স্থানে সামান্য পানি উঠলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কাতালগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দীন জানান, বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই নালা দিয়ে পানি দ্রুত নেমে যায়।
সাধারণত অল্প সময়ের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হলেও এবার পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ছিল। সংশ্লিষ্টরা বলছেন, খালগুলোর ভেতরে থাকা অস্থায়ী বাঁধ, মাটি ও আবর্জনা অপসারণের কারণে পানিপ্রবাহ স্বাভাবিক থাকায় জলাবদ্ধতা কমেছে।
চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অংশ হিসেবে মে মাসের শুরুতে ৭টি প্রধান খালের ৩৯টি পয়েন্টে প্রতিবন্ধকতা শনাক্ত করা হয়। পরে বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব বাধা অপসারণ করা হয়, যার ফলে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে সহায়তা করছে।