শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে শিল্পপতির বাড়িতে গুলি, বড় সাজ্জাদ-রায়হানের দুই সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৪১

চট্টগ্রাম দুটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও শর্টগানের কার্তুজসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণ এবং বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় রাজু নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৩ মে) সিএমপি কমিশনারের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমানিএসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী শুভ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

পুলিশ জানায়, বিদেশে বসে চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছেন সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। অন্যদিকে বছরখানেক আগে জামিনে বের হয়ে এসে ভয়ংকর হয়ে ওঠেন রায়হান। কথায় কথায় গুলি ছোড়েন। গত বছরের ৫ আগস্টের পর রায়হানের নামে নগর ও জেলায় যুক্ত হয়েছে জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা। এর মধ্যে হত্যা মামলা ছয়টি। রায়হান মূলত সাজ্জাদের অনুসারী।

নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী, রাউজানসহ পাঁচ থানার পাঁচ লাখের বেশি মানুষকে সাজ্জাদের বাহিনীর কারণে আতঙ্কে থাকতে হয়। গত ২৮ ফেব্রুয়ারি কোটি টাকা চাঁদা না পেয়ে নগরের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি করার অভিযোগ ওঠে সাজ্জাদের সহযোগীদের বিরুদ্ধে।

এর আগে, গত ২ জানুয়ারি ওই বাসায় গুলি করেছিলেন সন্ত্রাসীরা। এরপরও চাঁদা না পেয়ে দ্বিতীয় দফায় গুলি করা হয়। এর ২০ দিন আগে হোয়াটসঅ্যাপে ওই ব্যবসায়ীকে একটি বার্তা দেন সাজ্জাদ। এতে লেখা হয় ‘ওয়েট অ্যান্ড সি’। গুলিতে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসার জানালার কাচ ভেঙে গিয়েছিল। বাসার দরজায়ও গুলি লাগে। এর পর থেকে বাসাটি পুলিশ পাহারায় ছিল। পুলিশের পাহারার মধ্যেই বাসাটিতে আবারও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কয়েকজন আসামিকে ধরলেও অস্ত্রধারী রায়হান ও মোবারককে এখনো ধরতে পারেনি।

ব্যবসায়ী মোস্তাফিজুরের বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা চার ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বাসার কাছে আসেন। এরপর বাসাটি লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে থাকেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, চার সন্ত্রাসীর মধ্যে একজনের দুই হাতে দুটি পিস্তল ছিল। বাকি তিনজনের মধ্যে একজন সাবমেশিনগান (এসএমজি), একজন চায়নিজ রাইফেল এবং অন্যজন শটগান থেকে গুলি ছোড়েন।

প্রসঙ্গত, স্মার্ট গ্রুপ একটি বৃহৎ শিল্পগোষ্ঠী। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী থেকে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ভিডিও