চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় নিখোঁজের দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মাহমুদ খান মাশফিক (৩৫)। তিনি ওই ভবনের বাসিন্দা ছিলেন এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ১০ তলা ভবনের ওপর থেকে লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার দুপুরে ভবনের লিফটের গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ভবনের লিফটের দরজা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি সেখানে পড়ে যান। লিফটটি গত দুই দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল বলেও জানা গেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।