শনিবার, ১৩ জুন ২০২৬

লেফটেন্যান্ট তানজিম হত্যা : চার আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:২০

কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত ১৮ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায়ে চারজনকে মৃত্যুদণ্ড ছাড়াও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক অস্ত্র মামলায়ও আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

এই মামলার আইনজীবী সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দায়িত্বপালন করতে গিয়ে লেফটেন্যান্ট তানজিম নির্মমভাবে খুন হয়েছেন। বাদীপক্ষ যেমন ন্যায় বিচার চায়, তেমনি আসামিপক্ষও ন্যায়বিচার চায়। আদালত পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে মামলায় রায় প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বসতবাড়িতে ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হন। এ সময় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে আটক এবং তাদের ফেলে যাওয়া বন্দুক ও ছয়টি গুলি উদ্ধার করে।

সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাতির প্রস্তুতিসহ হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছিল। দুই মামলাতেই ১৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

২০২৫ সালের ১৯ জানুয়ারি) মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী ।

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

পূর্বতারা/ইউডি

ভিডিও