শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের তদারকিতে চার মন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:২৫

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের চার মন্ত্রী। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে পরিদর্শনে যান তারা।

এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন পার্বত্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ।

পরে নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা এখন প্রকল্পটির সমাধান করতে চাই। চট্টগ্রামবাসী যে জলাবদ্ধতার কষ্ট পাচ্ছে, এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে যা লুটপাট হয়েছে সেই হিসাবও নিশ্চয়ই বের করা হবে। এই লুটপাটের সঙ্গে কারা জড়িত সেটাও বের করা হবে।

মন্ত্রী বলেন, খালের পানিপ্রবাহ, বৃষ্টির পরিমাণ, জোয়ার-ভাটার প্রভাব, স্লুইস গেট ব্যবস্থাপনা এবং বঙ্গোপসাগরে পানি নিষ্কাশনের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। বর্ষা মৌসুমে কিছু কাজ বন্ধ থাকলেও বর্ষার পর দ্রুত কাজ সম্পন্ন করা হবে। চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার বড় ধরনের সমাধান দৃশ্যমান হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট মো. মহসিনুল হক চৌধুরী প্রমুখ।

ভিডিও