শনিবার, ১৩ জুন ২০২৬

ডিসি’র মানবিক হাতের ছোঁয়া পেল জয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:৩২

দারিদ্র্যের কারণে চট্টগ্রামে এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে পারছিলেন না হামে আক্রান্ত জয়া দাসের পরিবার। এ নিয়ে জয়ার অসহায় পরিবারের গল্প নিয়ে গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তার উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু জয়া দাসের বকেয়া বিল মওকুফ করে।

শুক্রবার (১৫ মে) সকালে নগরীর জিইসি এলাকার এশিয়ান স্পেশালাইজড হসপিটাল পরিদর্শনের সময় চিকিৎসা শেষে সুস্থ হওয়া শিশু জয়া দাসকে দেখতে যান জেলা প্রশাসক।

আর্থিক সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি এই জেলে পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসা-পরবর্তী সহায়তার কথাও জানান। এ সময় হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, দারিদ্র্যের কারণে হাসপাতালে বিল পরিশোধ করতে পারছেন না হাম আক্রান্ত শিশু জয়া- এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি তার নজরে আসে। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারাও মানবিক উদ্যোগে সাড়া দেন।

এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী জানান, জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পর হাসপাতালের মোট ২ লাখ ৩৮ হাজার ৩০২ টাকার বিলের মধ্যে বকেয়া ১ লাখ ৫৮ হাজার ৩০২ টাকা মওকুফ করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। জেলা প্রশাসকের আন্তরিকতায় একটি অসহায় পরিবার বড় ধরনের স্বস্তি পেল।

পূর্বতারা/ইউডি

ভিডিও