চট্টগ্রাম বন্দর থেকে চুরি হওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চায়নিজ ক্রোকারিজ পণ্য উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বন্দর বিভাগের এক বিশেষ অভিযানে চুরির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ চালক ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।
তবে অভিযানের সময় চোর চক্রের মূল হোতা নুরুদ্দিন তার ব্যবহৃত সিএক্সআর ব্র্যান্ডের একটি প্রাইভেট কার ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। ডিবি পুলিশ গাড়িটি জব্দ করেছে।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ। তিনি বলেন, চুরির মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান এবং মূল হোতার ফেলে যাওয়া বিলাসবহুল গাড়িটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। পলাতক নুরুদ্দিনকে গ্রেফতারে এবং এই চক্রের সাথে বন্দরের অভ্যন্তরীণ কেউ জড়িত কি না, তা খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বন্দর বিভাগ মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে বিপুল পরিমাণ দামী চাইনিজ কুকারিজ সামগ্রী রয়েছে, যা বন্দর থেকে কৌশলে সরিয়ে ফেলা হয়েছিল। পরে বন্দর এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক ও সহযোগীকে আটক করা হয়।