চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ের শ্বশুর মো. সাফাকে (৪৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাকি আক্তার স্থানীয় কাদেরের স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়াই–বেয়াইন সম্পর্ক ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু ফিরে এলেও তিনি আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাতে জানা যায়, নিহতের নাকসহ শরীরে আঘাতের চিহ্ন ছিল।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।