বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বায়েজিদে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, শিশু গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ মে ২০২৬, ১২:২৪

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মো. রাজু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চোখে গুলিবিদ্ধ অবস্থায় এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় বলে জানা গেছে।

আহত শিশুর নাম রেশমি আক্তার (১১)। তিনি রৌফাবাদ কলোনীর শহীদ মিনার গলির রিয়াজ আহমেদের সন্তান।

আহতের ভাই ফয়সাল আহমেদ জানান, আমার বোন দোকানে যাওয়ার সময় কিছু সন্ত্রাসী গোলাগুলি শুরু করে। সেখান থেকে একটি গুলি ওর চোখে লাগে। তাকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আমি যাচ্ছি। কে বা কারা গুলি করেছে এবং ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ভিডিও