চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বিবিরহাট এলাকার ‘হাসান টাওয়ার-১’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। তার পরিবার ওই ভবনের সাততলার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। এ সুযোগে কারিম সবার অগোচরে ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
পরে দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের নিচে তাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।