বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বকেয়া পরিশোধের দাবি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ মে ২০২৬, ০৪:৩০

বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকরা। এতে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং এসএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানিয়েছেন, তাদের দেড় মাসের বেতন এবং চার মাসের ওভারটাইম বকেয়া রয়েছে। শ্রমিকেরা তা পরিশোধের দাবি করে এলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। তাই শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে আসেন তারা। পরে পাশের আরাকান সড়ক অবরোধ করেছেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শিল্প পুলিশের পরিদর্শক বাছা মিয়া বলেন, শ্রমিকদের সঙ্গে এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তবে এখনো গ্রহণযোগ্য কোনো সমাধান হয়নি। শ্রমিকদের একটি অংশ সড়ক ছেড়ে গেলেও এখনো পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়নি।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

ভিডিও