বুধবার, ১৭ জুন ২০২৬

জ্বালানির সরবরাহ বেড়েছে, ভোগান্তি কমেনি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৩

একের পর এক দেশে আসছে জ্বালানি তেলভর্তি জাহাজ। দেশের তেলের মজুত দ্রুত বাড়ছে। এপ্রিলের গত ২০ দিনে ১২টি জাহাজ দেশে এসেছে। এ সপ্তাহে আরও ৫টি জাহাজ আসার কথা বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। পাম্পগুলোতে এখন তেলের সরবরাহ বেড়েছে। তবে সরবরাহ বাড়লেও গ্রাহকদের ভোগান্তি এখনো কমেনি। তেলের জন্য এখনো ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, বর্তমানে তেলের সংকট নেই। পর্যাপ্ত তেল আমদানি হয়েছে। সরবরাহ বেড়েছে। তবে প্রান্তিক পর্যায়ে তেল পৌঁছাতে সময় লাগছে।

চট্টগ্রাম নগরের পাঁচটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, পাম্পগুলোতে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। অনেক চালক এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে ছুটছেন—ফলে সচল পাম্পগুলোতে ভিড় কয়েকগুণ বেড়ে গেছে। তেল নিতে এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেউ তেল পাচ্ছেন, আবার কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন।

চালক মো. হাবিবুর রহমান বলেন, চান্দগাঁও শরাফত উল্লাহ পেট্রোল পাম্পে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর তেল পেয়েছি। তবে আগের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে পাম্প মালিকদের দাবি, পুরনো রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা বর্তমান চাহিদার তুলনায় অপ্রতুল।

পূর্বতারা/ইউডি

ভিডিও