চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন গত দুই বছরে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ২০২৩ সালে অষ্টম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। তবে ২০২৩ সালে অষ্টম শ্রেণিতে নিবন্ধিত ১ লাখ ৫৬ হাজার ৮৫১ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ১৮৩ জন পরীক্ষায় অংশ নেয়নি।
বোর্ড সূত্রে জানা যায়, ২০২৪ সালে নবম শ্রেণিতে ওঠার সময় আরও ২২ হাজার ৯৭১ জন শিক্ষার্থী ঝরে পড়ে। এরপর দশম শ্রেণিতে গিয়ে আরও ৩ হাজার ২১২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগের সংখ্যা তুলনামূলক বেশি, যেখানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী কমেছে। এছাড়া বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ১ হাজার ৩৭৩ জন অনিয়মিত পরীক্ষার্থী পাওয়া গেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শিক্ষার্থীরা কেন ঝরে পড়ছে তা নিয়ে এখনো সুনির্দিষ্ট গবেষণা হয়নি। তবে এ বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে গবেষণা করা সম্ভব।