শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম শিক্ষকদের সক্রিয় সহযোগিতায় পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) নগরের লালদিঘীস্থ মাহবুব আলম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত ‘যুব নেতৃত্ব বিষয়ে শিক্ষকদের কৌশলগত সংলাপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ সংলাপে নগরীর প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন।

মেয়র বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের বাইরে মানবিক, সামাজিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি এ কার্যক্রম বিস্তারে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান এম. এ. সালাম।

এছাড়া চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, মো. এনামুল হক, ভারপ্রাপ্ত ইউএলও মো. জিয়াউল হক, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্যসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ভিডিও