চট্টগ্রাম নগরীর ষোলশহরে চিটাগাং শপিং কমপ্লেক্সে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি-না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসনে বলেন, চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটের অভ্যন্তরে জমে থাকা ধোঁয়ার কারণে ভেতরে কেউ আছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। আমাদের ফায়ার ফাইটাররা ধোঁয়ার মধ্যে মার্কেটের অভ্যন্তরে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হতে সময় লাগবে।