চট্টগ্রাম নগরে সিএনজি অটোরিকশায় ঘুরে চেতনানাশক ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) ব্যবহার করে যাত্রীদের অচেতন করে ছিনতাইয়ের অভিযোগে এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকাল ৪টার দিকে ওয়াসা মোড় এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে বেলাল উদ্দিন (৪৫), মো. কবির মুন্সীসহ (৩২) আরও এক সহযোগী বাঁধন সরকার (২৭) নামের এক ব্যক্তিকে টার্গেট করে। তারা ভুক্তভোগীর নাকের সামনে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন অবস্থায় তার কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ, নগদ ২০ হাজার টাকা উদ্ধার এবং বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ বলেন, এই চক্রের সদস্যরা বিভিন্ন ধরনের চেতনানাশক, বিশেষ করে স্কোপোলামিন ব্যবহার করে সাধারণ মানুষকে সাময়িকভাবে অচেতন বা সম্মোহিত করে সর্বস্ব লুটে নেয়। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।