চট্টগ্রাম নগরীতে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে গত মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে সংস্থাটির কাছে অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি এখনো ভেন্ডর পরিচয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এমন অবস্থায় ময়লার জন্য টাকা আদায়কারীর অপকর্ম ঠেকাতে কার্যকর সিদ্ধান্ত নিয়েছে চসিক।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার চসিকের পক্ষ থেকে জনসচেতনতায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বর্তমানে কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে অর্থ প্রদান করতে হচ্ছে না।এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ এবং এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে চসিককে জানাতে হবে। এ বিষয়ে উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, যার মোবাইল নম্বর ০১৮১১-৮০৩৬৬৬। মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ)। যার মোবাইল নাম্বার ০১৮৯৪-৮৮৩০২০ এবং ০১৮১৯-৯৫৮৮৬০, ০১৭৪৩-৯০১৪৮০০। উল্লেখিত নাম্বারগুলোতে অভিযোগ জানানোর জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
চসিক জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্লিন, গ্রীন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা না ফেলার জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।