শনিবার, ১৩ জুন ২০২৬

পানি ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে চট্টগ্রামে ডাচ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১০:৫১

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল চট্টগ্রাম সফর করছেন। টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সার্কুলার পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই মঙ্গলবার (৭ এপ্রিল) এ সফর অনুষ্ঠিত হয়।

এই সফরের মাধ্যমে নেদারল্যান্ডস বাংলাদেশের নগরায়ণের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ—বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, কঠিন বর্জ্য এবং বর্জ্যপানি ব্যবস্থাপনায় সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এসব সমস্যা চট্টগ্রামের বসবাসযোগ্যতা ও অর্থনৈতিক কার্যক্রমের ওপর সরাসরি প্রভাব ফেলছে।

সফরকালে রাষ্ট্রদূত চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি হালিশহর ল্যান্ডফিল, একটি পয়ঃশোধনাগার এবং নির্বাচিত ড্রেনেজ ও খাল ব্যবস্থা পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া হয়।

রাষ্ট্রদূতের এই সফরে দুটি সম্ভাব্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) উদ্যোগ—বিশেষ করে বর্জ্য ও নিষ্কাশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই নগর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সন্ধ্যায় রাষ্ট্রদূতের সম্মানে একটি উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়, যেখানে সরকার, ব্যবসায়ী, সিভিল সোসাইটি এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে নগর অবকাঠামো, সার্কুলার অর্থনীতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে পানি ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। স্থানীয় চাহিদা অনুযায়ী কার্যকর ও টেকসই সমাধান উন্নয়নে দেশটি ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

ভিডিও