বুধবার, ১৭ জুন ২০২৬

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমদ আজম খান। যাচাই-বাছাইয় করে ইতোমধ্যে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য দেন।

মোহাম্মদ আব্দুল মালিক তার প্রশ্নে অভিযোগ করেন যে, গত ১৫ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে, কিছু অসাধু ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন।

এর জবাবে মন্ত্রী স্বীকার করেন, কিছু সুবিধাবাদী লোক অসদুপায়ে তালিকায় ঢুকে পড়েছেন। তিনি বলেন, বর্তমানে এই তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি উপ-কমিটি নিয়মিত শুনানি পরিচালনা করছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শুনানিতে যদি কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তাৎক্ষণিকভাবে তাদের সনদ ও গেজেট স্বীকৃতি বাতিল করা হচ্ছে।

প্রবাসী মুক্তিযোদ্ধাদের বিষয়ে মন্ত্রী জানান, যেসব প্রবাসী মুক্তিযোদ্ধা এখনো ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি কার্ড পাননি, আবেদন করার পর তাদের দ্রুত এগুলো সরবরাহ করা হবে। সারা দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা, অধিকার এবং সুযোগ-সুবিধা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত নেত্রী খালেদা জিয়ার আদর্শে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

ভিডিও