চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে ‘ডেঞ্জার’ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো— শামিম (২২), মো. আরমান হোসেন (১৯), মো. বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মো. সাইম হোসেন সোহাগ (১৯), মো. হোসেন (২৩), মো. আল আমিন (১৯), মো. রিয়াদ (১৯), মো. তামজিদ (১৯), মো. অনিক আকরাম (১৯) ও নিরব গাঙ্গুলী (১৯)।
পুলিশ জানায়, গ্রুপটির প্রধান শামীমের নেতৃত্বে শুক্রবার বিকেলে খাস্তগীর স্কুলের গেটের সামনে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে শক্তির মহড়া দিচ্ছিল। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫টি ইটের টুকরা এবং ১টি লোহার ধামা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।