চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় মোহাম্মদ মামুন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার মো. নেজামের ছেলে। গতকাল শুক্রবার নাজিরপাড়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বলেন, ‘আমরা মামুনের লাশ উদ্ধার করেছি। মরদেহের গলায় ফাঁস দেয়ার চিহ্ন আছে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখে আমাদের কিছুটা সন্দেহ আছে। তাই আমরা মামুনের পরিবারের পক্ষ থেকে দেয়া একটি হত্যা মামলা গ্রহণ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিহত মামুনের (১৭) সাথে সামিয়া আক্তার লাইসা (১৬) নামে মেয়েটির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক থাকায় মেয়েটির মা মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় মামুনকে আদালত বিয়ের শর্তে জামিন দেয়। জামিনের পর তাদের বিয়ে হয়। মামুনের স্ত্রীকে আমরা হেফাজতে নিয়েছি। ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।’