শনিবার, ১৩ জুন ২০২৬

ল্যাব আছে কিট নেই

ঢাকানির্ভর পরীক্ষায় চট্টগ্রামের হামের রিপোর্ট মিলছে দেরিতে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ০৪:২০
ছবি : নিজস্ব আলোকচিত্রী

চট্টগ্রামের হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে হাসপাতালে। অথচ হাম রোগ শনাক্তের মতো ল্যাব থাকা সত্তেও রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকা। এতে রিপোর্ট পেতে যেমন সময় লাগছে তেমনি রোগীকে চিকিৎসা দিতেও হচ্ছে দেরিতে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর অভিভাবকরা জানান, নমুনা সংগ্রহের পর তিন চারদিন পর রিপোর্ট পাওয়া যাচ্ছে। রোগ নির্ণয়ে দেরি হওয়ায় চিকিৎসা শুরুতেও দেরি হচ্ছে। চট্টগ্রামে পরীক্ষার ব্যবস্থা থাকলে সমস্যাটি থাকতো না।

২০১৩ সালে ফৌজদারহাটে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) হাম ও রুবেলাসহ বিভিন্ন সংক্রামক রোগের ব্যবস্থা রয়েছে। এ হাসপাতালে রয়েছে অত্যাধুনিক রিয়েল-টাইম পিসিআর মেশিন এবং অ্যালাইজা মেশিন। এ ছাড়াও যক্ষ্মা শনাক্তে জিন এক্সপার্ট, রক্ত পরীক্ষার জন্য অটোমেটেড অ্যানালাইজার মেশিনসহ বিশ্বমানের ‘রডলফ মেরিয়ো ল্যাবরেটরি’র সুবিধা এখানে রয়েছে।

করোনা মহামারির চরম সংকটে চট্টগ্রামের প্রথম কোভিড-১৯ ল্যাবটি এই হাসপাতালতেই চালু হয় এবং বন্দরনগরীসহ পুরো বিভাগের হাজার হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়।

বিআইটিআইডি’র অধ্যাপক ডা. মামুনুর রশীদ বলেন, ‘বিআইটিআইডি হাসপাতালের ল্যাবে হাম পরীক্ষা সম্ভব। তবে হাম-রুবেলা পরীক্ষার জন্য কিট নেই। কিটের জন্য ইতিমধ্যে আমরা ঢাকায় চিঠি লিখেছি। কিট এবং অনুমোদন পেলে পরীক্ষা শুরু করা যাবে।’

বিআইটিআইডির ভারপ্রাপ্ত পরিচালক ডা. ইফতেখার আহম্মদ বলেন, ‘বর্তমানে ২০ শয্যার ওই হাসপাতালে আংশিকভাবে আইসোলেশন চালু রয়েছে। রোগী বাড়লে পুরো হাসপাতাল হামের চিকিৎসার জন্য ডেডিকেট করা হবে। তাছাড়া আমাদের প্রশিক্ষিত জনবল ও ল্যাব সুবিধা রয়েছে। এখন শুধু প্রয়োজনীয় সরঞ্জাম ও অনুমোদন পেলেই এখানে পরীক্ষা চালু করা সম্ভব হবে।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চার জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়। চট্টগ্রামে এ নিয়ে মোট ১২ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ১৫৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার এনপিএমএল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে নগরের ৭০ জন এবং জেলার বাসিন্দা ৮৫ জন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৮৭ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ওই সময়ে জেলার উপজেলাগুলোতে হাম সন্দেহে কেউ হাসপাতালে ভর্তি হয়নি। অপরদিক, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ৩২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার এনপিএমএল ল্যাবে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে বর্তমানে ল্যাবে হাম রোগ শনাক্ত করা হচ্ছে না। চট্টগ্রামে ভর্তি হওয়া রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) ল্যাবে। সেখান থেকে দুই-তিন দিনের মধ্যে রিপোর্ট চলে আসছে। হাম ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে তখন হয়তো চট্টগ্রামে পরীক্ষার বিষয়টি আসবে।’

ভিডিও