চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার শওকত আলী দায়িত্ব গ্রহণের পরপরই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন। সেইসাথে চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দামপাড়া পুলিশ লাইনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নগরীতে চুরি-ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক এবং কিশোর গ্যাংয়ে বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
পুলিশ কমিশনার বলেন, নগরীতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করাই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে।
নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কিছু অংশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে শওকত আলী বলেন, সেগুলো দ্রুত মেরামত করা হবে। পাশাপাশি নতুন করে আরও ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সিসিটিভি নজরদারি জোরদার করা গেলে নগরীতে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।