শনিবার, ১৩ জুন ২০২৬

‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৮:২৯

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও যানজট নিরসনে সড়ক অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে ১৩ নম্বর ওয়ার্ডের নেভী কনভেনশন হল থেকে আকবর শাহ মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে (এডিপি অর্থায়নে) বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ২.৯১ কিলোমিটার দীর্ঘ সড়কটি ১৩.৭১ মিটার প্রশস্ত করে বিটুমিনাস কার্পেটিং করা হবে। পাশাপাশি ক্যাটস আই, পেইন্ট মার্কিং, জেব্রা ক্রসিং, স্পিড লিমিট ও দিকনির্দেশক সাইনেজ স্থাপন করা হবে।

এছাড়া সড়কের উভয় পাশে ফুটপাত, নতুন ড্রেন, মিডিয়ান আইল্যান্ড এবং সৌন্দর্যবর্ধনের জন্য বাগান নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মেয়র বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে আধুনিক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে সংযোগ আরও সহজ ও যান চলাচল গতিশীল হবে। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

ভিডিও