মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা-২০২৬। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টায় নগরের কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন হবে, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
মেলায় ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল থাকবে। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল। চট্টগ্রাম ও ঢাকার ১১২টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিচ্ছে।
সোমবার (৩০ মার্চ) মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে বই মেলা মঞ্চে সংবাদ সন্মেলনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
মেলায় থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা, লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতি বিষয়ক আয়োজনসহ নানা অনুষ্ঠান। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।