শনিবার, ১৩ জুন ২০২৬

গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে তরুণ আহত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:১১

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক অজ্ঞাত তরুণ গুরুতর আহত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটির পর সকালে দোকানপাট খোলার প্রস্তুতির সময় ওই তরুণ ভবনে প্রবেশ করে। এক পর্যায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলে উপস্থিত লোকজন তাকে নেমে আসতে অনুরোধ করেন। এমনকি ছয়তলার ছাদে রাস্তার দিকে ঝুলে পড়লে তাকে আটকানোর চেষ্টাও করা হয়। তবে সবার চোখের সামনেই সে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল জানান, হঠাৎ করেই তরুণটি ছাদে উঠে লাফ দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তথ্যমতে, আহত তরুণকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। বয়স আনুমানিক ২১ থেকে ২২ বছর।

চকবাজার থানার ওসি নাজের খান বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণের পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ করছে।

ভিডিও