মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ পাচারকারীকে আটক করা হয়।
শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিনগত রাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের এক হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিনসহ সাত পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সাব্বির আলম সুজন।