শনিবার, ১৩ জুন ২০২৬

ছুটির শেষেও কক্সবাজারে পর্যটকদের ভিড়

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:১৬

ঈদুল ফিতরের ছুটি শেষ হয়ে গেলেও দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে এখনো পর্যটকদের ভিড় কমেনি। লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্টসহ সৈকতের বিভিন্ন অংশে প্রতিদিনই উপচে পড়া জনসমাগম দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার পাঁচ শতাধিক হোটেল-মোটেলে এখনো লক্ষাধিক পর্যটক অবস্থান করছেন। এছাড়া প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক স্বল্প সময়ের জন্য এসে ঘুরে ফিরে যাচ্ছেন, ফলে সৈকতজুড়ে প্রাণচাঞ্চল্য বজায় রয়েছে।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে দীর্ঘ অবকাশ পাওয়ায় এবার পর্যটকের সংখ্যা বেড়েছে। এতে হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে বিধিনিষেধ থাকায় অনেক পর্যটক ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে জানান, কক্সবাজারে এসে সেন্টমার্টিন যেতে না পারায় তাদের ভ্রমণের পূর্ণতা আসেনি।

পর্যটকদের মতে, নিরাপদ পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এবারের ভ্রমণ ছিল স্বস্তিদায়ক। তবে সেন্টমার্টিনে যাতায়াত স্বাভাবিক করা গেলে পর্যটন খাত আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ঈদে পর্যটকরা নির্বিঘ্নে কক্সবাজারের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াতে পেরেছেন। কোথাও কোনো বড় ধরনের সমস্যা দেখা যায়নি।

জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে এবং এখনো করছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে ভ্রমণ করেছেন।

ভিডিও