মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানামুখী কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে বন্দরের সকল জাহাজে ভেঁপু বাজিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সকাল সাড়ে ৮ টায় বন্দর রিপাবলিক ক্লাব শহিদ স্মৃতিসৌধে বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ ও বোর্ড সদস্যরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর চবক এর বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
দিবস উপলক্ষে বাদ জোহর চবক এর আওতাধীন সকল মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চবক এর সকল ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোকপাত করে ছাত্র ছাত্রীদের মধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।