চট্টগ্রামের বেশ কিছু পেট্রল পাম্পে গত কয়েকদিন ধরে পর্যাপ্ত জ্বালানি তেল মিলছে না। কিছু পাম্প বন্ধ রয়েছে। কোনও কোনও পাম্পে অকটেন থাকলেও নেই ডিজেল। আবার কোনও পাম্পে ডিজেল থাকলেও নেই অকটেন। এ নিয়ে বিপাকে পড়েছেন চালকরা।
চট্টগ্রামের ৩৮৩টি পাম্পের অনেকগুলোতে অকটেন থাকলেও ডিজেল নেই, আবার কোথাও ডিজেল থাকলেও অকটেন মিলছে না। তবে চট্টগ্রাম বিভাগের পাম্প মালিক সমিতির নেতারা আশা প্রকাশ করেছেন, মঙ্গলবার ব্যাংক খোলার পর পে-অর্ডার জমা দেওয়া সম্ভব হলে বিকেলের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। মূলত ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় এবং ডিপোগুলোর সীমিত সরবরাহের কারণে এই সংকট প্রকট হয়েছে।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সদস্যসচিব মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, ‘চট্টগ্রাম মহানগরীতে ৪৬টির মতো পেট্রল পাম্প আছে। কোনও কোনও পাম্পে ডিজেল থাকলে অকটেন নেই, আবার অকটেন থাকলেও নেই ডিজেল। তবে মঙ্গলবার বিকালের মধ্যে এই সংকট কেটে যাবে বলে মনে করছি। কারণ ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় তেল কেনায় পে-অর্ডার করা যায়নি। এজন্য পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ করা হয়নি। মঙ্গলবার ব্যাংক খোলা হলে পে-অর্ডার জমা দেওয়া হবে। বিকালের মধ্যে পাম্পগুলোতে তেল স্বাভাবিক হবে বলে আশা করছি।’