বুধবার, ১৭ জুন ২০২৬

জিয়া স্মৃতি জাদুঘরকে হেরিটেজ ঘোষণা করা হবে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০২:১৭

জিয়া স্মৃতি জাদুঘরকে হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কার শুরু করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে চট্টগ্রামের কাজীর দেউড়িস্থ জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে এ জাদুঘরটির অবকাঠামো অনেক জায়গায় ভেঙ্গে পড়েছে। বিভিন্ন সময় ভূমিকম্পে স্ট্রাকচারাল ক্ষয়ক্ষতি হয়েছে। জাদুঘরটি একদিকে পুরনো সার্কিট হাউস হিসাবে একটি ঐতিহ্যবাহী স্থান, অন্যদিকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এখানে শহিদ হন। এখানে তার নানা স্মৃতি ও ব্যবহৃত জিনিস , আসবাবপত্র ও মূল্যবান ছবি রাখা আছে।

মন্ত্রী বলেন, জিয়া স্মৃতি জাদুঘর আমাদের গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি। এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি। জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পায়।

তিনি উল্লেখ করেন, চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনাকে এতদিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এই জাদুঘর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু দীর্ঘদিন অবহেলার কারণে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অমূল্য ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।

ভিডিও